দৌলতপুরে বসতবাড়ির জমি বিরোধে হাসুয়ার কোপে ভাই নিহত, আহত ২

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে বসতবাড়ির জমি বিরোধে হাসুয়ার কোপে ভাই নিহত, আহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে ইন্তাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মূল হামলাকারী ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইন্তাদুল বাদাল ওই গ্রামের মৃত ফুলচাঁদ বাদালের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন—একই গ্রামের আলেক বাদালের ছেলে মোঃ বাবু (৪৫) এবং নিহত ইন্তাদুলের ছেলে তপন বাদাল। আহতদের উদ্ধার করে বাবুকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং তপনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেহালা বাদালপাড়া গ্রামের লাবলু বাদালের বাড়ির পেছনের একটি ইটের রাস্তার ওপর বসতবাড়ির জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে ইন্তাদুল বাদালের সঙ্গে তার আপন ভাই মোঃ বজলু বাদাল (৬০) ও ভাতিজা হানিফ বাদালের (৩২) মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা রূপ নেয় হাতাহাতি ও সংঘর্ষে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বজলু বাদাল ধারালো হাসুয়া দিয়ে ইন্তাদুলের গলা ও হাতে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে ইন্তাদুলের চাচাতো ভাইয়ের ছেলে বাবু বাদাল এগিয়ে গেলে তার পেটে কোপ দেওয়া হয়। একই সময় হানিফ বাদাল হাসুয়া দিয়ে ইন্তাদুলের ছেলে তপন বাদালের পিঠে কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই ইন্তাদুল বাদাল মারা যান।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বজলু বাদাল ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সেই পুরোনো বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।