ফরিদপুরে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ তোলায় বাধা ও মারধরের অভিযোগ, অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ তোলায় বাধা ও মারধরের অভিযোগ, অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

ফরিদপুরে ১০৫৫ শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের অর্থ উত্তোলনে বাধা এবং শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং কল্যাণ তহবিলের অর্থ নির্বিঘ্নে উত্তোলনের পরিবেশ নিশ্চিতের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক ও শ্রমিক নেতারা। 

রোববার (১৩ সেপ্টেম্বর) ইউনিয়নের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই ঘোষণা দেন। এর আগে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুর-রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় কল্যাণ তহবিলের অর্থ তোলার সময় শ্রমিকদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, শনিবার নির্ধারিত নিয়মে শ্রমিকদের কাছ থেকে কল্যাণ তহবিলের অর্থ সংগ্রহ করতে গেলে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাতে বাধা প্রদান করে। এ সময় শ্রমিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়। ঘটনার পর থেকেই সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। 

শ্রমিক নেতারা জানান, প্রতিটি শ্রমিকের কাছ থেকে কল্যাণ তহবিলের জন্য ৩০ টাকা করে নেওয়া হয়, যা সংশ্লিষ্ট ইউনিয়নের অনুকূলে সরকারি গেজেটভুক্ত এবং সারা দেশেই এটি প্রচলিত একটি নিয়ম। কোনো শ্রমিক দুর্ঘটনায় পঙ্গু হলে, গুরুতর অসুস্থ হলে কিংবা মৃত্যুবরণ করলে এই তহবিল থেকেই তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। কিন্তু ফরিদপুর-রাজবাড়ী রাস্তার মোড়ে একটি স্বার্থান্বেষী চক্র অবৈধভাবে এতে বাধা দিয়ে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। 

নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, শ্রমিকদের নিরাপত্তা এবং সরকারি নিয়মানুযায়ী কল্যাণ তহবিলের টাকা নির্বিঘ্নে উত্তোলনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। 

এ বিষয়ে দ্রুত স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। 

তবে এ ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।