পিরোজপুরে ৪০০ পিস ইয়াবা ও আইসসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ৪০০ পিস ইয়াবা ও আইসসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. মিরাজ শেখ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক আইনে অন্তত ৯টি মামলা রয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

পরবর্তীতে রোববার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। 

গ্রেপ্তার মো. মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখ ও মৃত হাওয়া বিবির ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল, এএসআই এফরান ও এএসআই আনিসসহ পুলিশের একটি দল দক্ষিণ কৃষ্ণনগরের একটি বসতঘরের শয়নকক্ষে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম আইস উদ্ধার করে জব্দ করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, মিরাজ শেখ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

উদ্ধার করা মাদকদ্রব্য ও আসামিকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পিরোজপুর সদর থানায় নতুন একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।