ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক, যানজট ও দালালচক্র নির্মূলে কঠোর নির্দেশ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক, যানজট ও দালালচক্র নির্মূলে কঠোর নির্দেশ

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ূম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা এবং শহরের তীব্র যানজট নিরসন নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় শহরের সড়কগুলোতে অবৈধ পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্পিডব্রেকার, সাইন ও সিগন্যাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শহরের অম্বিকা হল ও কোর্ট চত্বর এলাকায় বখাটেদের উৎপাত বন্ধ এবং দালালচক্র নির্মূলে নিয়মিত পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়িচালকদের ডোপ টেস্ট নিশ্চিতকরণ, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

একই সঙ্গে মহাসড়কে অবৈধ ইজিবাইকসহ সব ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জোবাইদা ফিলিং স্টেশনের সামনের দীর্ঘদিনের যানজট নিরসনে চলমান সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।

পরিশেষে, প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুখী-সমৃদ্ধ ফরিদপুর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।