"মানুষের সেবাই মূল লক্ষ্য"- নগরকান্দায় সড়ক সংস্কার করে নজির গড়লেন মাসুদুর রহমান

মোঃ শাহ্ জালাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩ পিএম
শেয়ার করুন:
"মানুষের সেবাই মূল লক্ষ্য"- নগরকান্দায় সড়ক সংস্কার করে নজির গড়লেন মাসুদুর রহমান

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাং-জগদিয়া গুচ্ছগ্রামের গুরুত্বপূর্ণ সড়কটির মেরামত ও সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সড়কটির সংস্কারকাজ শেষ হয়। লন্ডনপ্রবাসী ও ‘বেগম শিরিয়া সমাজকল্যাণ সংস্থা’র চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের খানাখন্দ আর চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গাং-জগদিয়া গুচ্ছগ্রামের এই সড়কটি এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ। দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ ও সংস্কার না থাকায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছিল বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে শিক্ষার্থী, বয়োবৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো; বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। সম্প্রতি গ্রামবাসীর পক্ষ থেকে সড়কের এই বেহাল দশার কথা মাসুদুর রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে সড়কটি মেরামতের উদ্যোগ নেন।

স্থানীয়রা জানান, এর আগেও নগরকান্দা পৌরসভার মীরারকান্দার খালপাড়-সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক মাসুদুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা হয়েছিল। ওই রাস্তাটি দীর্ঘদিন ভাঙাচোরা থাকায় এলাকার মসজিদের মুসল্লি, মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটত। সেটি সংস্কারের পর এলাকার যোগাযোগব্যবস্থায় স্বস্তি ফিরে আসে। তারই ধারাবাহিকতায় এবার গুচ্ছগ্রামের সড়কটিও সংস্কার করা হলো।

এ বিষয়ে সমাজসেবক মো. মাসুদুর রহমান বলেন, “একটি টেকসই সড়ক যোগাযোগ হয়তো আপাতদৃষ্টিতে সাধারণ একটি উন্নয়ন কাজ মনে হতে পারে, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার ক্ষেত্রে এর প্রভাব অপরিসীম। মানুষের দুর্ভোগের কথা শুনেই আমি দ্রুত এই সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি।” 

তিনি আরও উল্লেখ করেন, কেবল সড়ক সংস্কারই নয়—সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও চিকিৎসায় অনুদান, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি সবসময় নিজেকে যুক্ত রেখেছেন। 

নগরকান্দাকে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “নগরকান্দা আমাদের সবার। দল-মত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে চাই। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন ও নাগরিক সুবিধা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।” 

নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “জনসেবার কাজ কোনো নির্বাচনকেন্দ্রিক বিষয় হতে পারে না। নির্বাচনে জয়-পরাজয় যাই থাকুক না কেন, আমি নগরকান্দার মানুষের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”

এদিকে গুচ্ছগ্রামের সড়কটি সংস্কার হওয়ায় মাসুদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। তবে সড়কটির স্থায়িত্ব রক্ষায় নিয়মিত রক্ষণাবেক্ষণের জোর দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি পৌর এলাকার অন্যান্য বেহাল সড়কগুলোও পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন নাগরিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।