মধুখালীতে ৩ বস্তায় মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০২ এএম
শেয়ার করুন:
মধুখালীতে ৩ বস্তায় মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৪০) ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশে একটি তালগাছের নিচে তিনটি মুখবাঁধা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। বস্তাগুলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাগুলোর মুখ খোলা হলে ভেতর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির খণ্ডিত ছয়টি অংশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।