২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ এএম
শেয়ার করুন:
২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক

দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ২ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪ জন ভোট প্রদান করেন। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল বড় ব্যবধানে জয়লাভ করেন; তিনি পান ১ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ‘টিয়া পাখি’ প্রতীকে ৬৯১ ভোট পেয়ে হারুন নূর রশিদ খান এবং ‘হেলিকপ্টার’ প্রতীকে ৬০৫ ভোট পেয়ে মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ‘আপেল’ প্রতীকে ৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুর রহমান। 

উল্লেখ্য, সমিতির মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আগেই আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি পদগুলোতে শনিবার ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই যুগেরও বেশি সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।