বোয়ালমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যার দাফন সম্পন্ন

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ এএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যার দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় সম্মান, সহযোদ্ধাদের শেষ শ্রদ্ধা আর হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আব্দুল জলিল মোল্যা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদের পিতা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার সহস্রাইল খেলার মাঠে দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। 

এর আগে সহস্রাইল খেলার মাঠে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের নেতৃত্বে এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাঁদের প্রিয় সহযোদ্ধাকে শেষ স্যালুট ও শ্রদ্ধা নিবেদন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল জলিল মোল্যা। তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর বৃহস্পতিবার জানাজার আয়োজন করা হয়।

জানাজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে স্বজন, রাজনৈতিক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের ঢল নামে সহস্রাইল মাঠে। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

জানাজায় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এবং বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু উপস্থিত ছিলেন। 

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হক, ময়না ইউপি চেয়ারম্যান আবদুল হক মৃধা, শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা ও আবুল কালাম আজাদ, রূপাপাত ইউপির সাবেক চেয়ারম্যান আজিজার রহমান মোল্যা এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুলসহ বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

তাঁর প্রয়াণে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।