মাগুরায় ‘দ্যা হিউম্যানিটি’র বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০২ পিএম
শেয়ার করুন:
মাগুরায় ‘দ্যা হিউম্যানিটি’র বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ-শ্যামল মাগুরা গড়ে তোলার প্রত্যয়ে সামাজিক সংগঠন ‘দ্যা হিউম্যানিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

*‘মরুরে চাহি না, চাহি বৃক্ষের, নেব কিশালয়ে ঠাঁই— কচি-সবুজের উৎসব আজই মহনীয় মাগুরায়’*— এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলার বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ‘বৃক্ষরোপণ ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৬০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সচেতনতা বাড়াতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাফুজার রহমান, ‘দ্যা হিউম্যানিটি’র উপদেষ্টা মো. আব্দুস সালাম, সংগঠনের সভাপতি মো. নাহিদ হাসান এবং শিক্ষার্থী রুকাইয়া সিকদার ও জান্নাতুল মাওয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন।

আয়োজকরা জানান, পরিবেশ ও মানবিক উন্নয়নমূলক এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন ‘দ্যা হিউম্যানিটি’র প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী এবং কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, ‘মানুষের পাশে সব সময়, মানবতার হোক জয়’— এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।