স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

অনলাইন ডেস্কঃ
২০ আগস্ট, ২০২৬ ১২:২৮ পিএম
শেয়ার করুন:
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

প্রয়াত স্বামীর জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে সাময়িক সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে কড়া পুলিশি পাহারায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।

কারা সূত্র জানায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত—মোট ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল মঞ্জুর করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাঁকে বহনকারী প্রিজন ভ্যানের আগে ও পেছনে পুলিশের পৃথক দুটি নিরাপত্তা গাড়ি রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, স্বামীর মৃত্যুর পর দীপু মনির প্যারোলে মুক্তির জন্য বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তাঁর মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাঁকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন করা হলেও জেলা প্রশাসক মানবিক দিক বিবেচনায় ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে নেওয়া হয়। এরপর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। 

জেল সুপার আরও জানান, প্যারোলের নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমা শেষ হলে নিয়ম অনুযায়ী দীপু মনিকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে। 

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন ডা. দীপু মনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।