অভিরাম বর্ষণে থানচিতে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল প্লাবিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৮ জুলাই, ২০২৬ ১০:৫০ পিএম
শেয়ার করুন:
অভিরাম বর্ষণে থানচিতে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। বুধবার (৮ জুলাই) বিকেল থেকে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে সাঙ্গু নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন।

পানি বৃদ্ধির ফলে থানচি বাজার, বাগানপাড়া, নতুন ব্রিজপাড়া, হিন্দুপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কসহ নদীতীরবর্তী একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। তিনি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের জন্য শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাগানপাড়ার একটি কালভার্ট, রবার্টপাড়া ও টিমংপাড়ার দুটি সেতু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বয়ক হেডম্যানপাড়ার একটি সেতুসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া রুমা বাজার থেকে সদরঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, গত শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নদীতীরবর্তী ফসলি জমি ও ছড়ার তীরবর্তী খামার পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধান ও বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে প্রবল স্রোতের কারণে রেমাক্রী খাল, সোনা খাল, তিন্দু ঝিরি ও পর্দ্দা খালের পানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে থানচি উপজেলার সঙ্গে রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ওইসব এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সাঙ্গু নদীর পানি আরও বৃদ্ধি পেলে থানচি ও বলীপাড়া বাজারসহ নদীতীরবর্তী বিভিন্ন পাড়া ও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।