​আলিকদমে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
৬ জুলাই, ২০২৬ ৬:২১ পিএম
শেয়ার করুন:
​আলিকদমে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলিকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। ৬ জুলাই (সোমবার) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আলিকদম-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা, ঋণ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আলিকদম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব সুমন কান্তি দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিকদম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মনজুর আলম।

​শ্রেষ্ঠ সমবায়ী ও ইউএনও মহোদয়কে সম্মাননা প্রদান

​অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন শ্রেষ্ঠ সমবায়ীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া আলিকদম উপজেলার সামগ্রিক পল্লী উন্নয়নে গতিশীল নেতৃত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মনজুর আলম মহোদয়কে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক বা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সাথে মাঠপর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য ০৬ জন ম্যানেজারকে তাঁদের প্রাপ্য 'ম্যানেজার কমিশন' প্রদান করা হয়।

​৪ লক্ষ টাকার ঋণ বিতরণ পল্লী অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে মোট ৫ জন উপকারভোগীর মাঝে সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে: ০৩ জন সফল উপকারভোগীকে ১,০০,০০০/- টাকা করে মোট ৩,০০,০০০/- টাকা উদ্যোক্তা ঋণ। ০২ জন উপকারভোগীকে ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়।

​পরিবেশ রক্ষায় বৃক্ষ বিতরণ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সবুজ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠান শেষে একটি চমৎকার পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়। উপজেলার মোট ৭০ জন উপকারভোগী সদস্যের মাঝে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেকে ১টি করে ফলজ ও ওষধি গাছ (সর্বমোট ১৪০টি চারা) গ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, বিআরডিবির এই ধরনের উদ্যোগ আলিকদমের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। ঋণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সমবায়ী সদস্য, স্থানীয় সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।