থানচিতে প্রবারণা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘ম্রো স্টুডেন্ট এফসি’

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২৩ অক্টোবর, ২০২৬ ৬:৪৮ পিএম
শেয়ার করুন:
থানচিতে প্রবারণা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘ম্রো স্টুডেন্ট এফসি’

বান্দরবানের থানচিতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ (শুভ প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘ম্রো স্টুডেন্ট এফসি’। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে তারা নিংরেখ্রং এফসিকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে নিংরেখ্রং এফসি।

ফাইনাল খেলাকে ঘিরে পুরো থানচি উপজেলা মিনি স্টেডিয়াম রূপ নেয় এক উৎসবের আঙিনায়। টানটান উত্তেজনার এই ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন জাতিগোষ্ঠীর শত শত ফুটবলপ্রেমী দর্শক। করতালির মাধ্যমে পুরো সময়জুড়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান তারা।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক নুমংপ্রু মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সমাজপতি ক্রাপ্রুঅং মারমা এবং প্রধান শিক্ষক চশৈউ মারমা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। প্রবারণা পূর্ণিমার মতো ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও থানচিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো এবং তৃণমূল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।