মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: নারীসহ নিহত ৩, আহত ৩

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৩ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন:
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: নারীসহ নিহত ৩, আহত ৩

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি ব্রিজের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আড়কান্দি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘কিংফিশার পরিবহন’-এর একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং সেটিতে থাকা ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাকি তিনজন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুখালী থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং উদ্ধারকাজে অংশ নেয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।