আলফাডাঙ্গায় সালিশে বাইরের লোক আনার জেরে পরিবার ‘সমাজচ্যুত’, থানায় জিডি

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৬ আগস্ট, ২০২৬ ১১:৪৪ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় সালিশে বাইরের লোক আনার জেরে পরিবার ‘সমাজচ্যুত’, থানায় জিডি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত সালিশ বৈঠকে গ্রামের বাইরের মানুষকে উপস্থিত করার অভিযোগে একটি পরিবারকে সমাজচ্যুত (একঘরে) করা এবং স্থানীয় মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী খালিদ হাসান বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ অভিযোগ জমা দেন। অভিযোগে আবুল সরকার (৮৫), তাজ মোহাম্মাদ (৫৪) ও শেখ সাদী (৩৫)-সহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী ওসমান গণির বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গত ২৪ ও ৩০ জুলাই দুই দফায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং জমি পরিমাপের মাধ্যমে বিরোধের সমাধানও করা হয়।

তবে সালিশ বৈঠকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গ্রামের বাইরের কয়েকজন আত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিকে উপস্থিত করায় স্থানীয় কয়েকজন মাতুব্বর ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত ৩১ জুলাই ও ২১ আগস্ট সন্ধ্যায় চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা ডেকে আব্দুর রফিক শেখের পুরো পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেন মাতুব্বররা। একই সঙ্গে পরিবারের সদস্যদের স্থানীয় মসজিদে গিয়ে নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাদী খালিদ হাসান অভিযোগে উল্লেখ করেন, মাতুব্বরদের এমন সিদ্ধান্তের পর তিনি আবুল সরকার ও স্থানীয় সেলিম মিয়ার কাছে গিয়ে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করেননি; বরং গ্রামের কেউ ওই পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাকেও একঘরে করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ‘চর নওয়াপাড়া একতা যুব সমাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে সমাজচ্যুতির সভার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়।

বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও সামাজিক নিগ্রহের শিকার হয়ে পরিবারটির সদস্যরা দিন কাটাচ্ছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং দোষীদের বিরুদ্ধে আইনগত প্রতিকার দাবি করেছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।