মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব চাষাবাদ শীর্ষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৩ জুন, ২০২৬ ১০:৪৫ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব চাষাবাদ শীর্ষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গ্রামীণ কৃষির উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাকে আরও গতিশীল করতে মাগুরার মহম্মদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব চাষাবাদ” শীর্ষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় শনিবার (১৩ জুন) মহম্মদপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান, অ্যাডভোকেট খান রোকন উজ্জামান,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম. এম. রইস উদ্দিন, মহম্মদপুর যুবদলের সাবেক আহবায়ক তারিকুল ইসলাম তারা, ধুয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। গ্রামীণ উন্নয়নই পারে দেশকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিতে। এজন্য বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক গুরুত্ব ও বরাদ্দ প্রদান করছে। কৃষকের জীবনমান উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ধর্ম, বর্ণ বা গোত্র নয়, আমরা সবাই মিলে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। দুর্নীতি, মাদক এবং সকল ধরনের অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা যদি দেশকে নিজের বলে মনে করে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হবে।”

দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা সেই ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠন ও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে কাজ করছি।”

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মেয়েদের সহযোগিতা ছাড়া সভ্যতার অগ্রগতি কখনো সম্ভব হতো না। বর্তমান সরকার নারীর অংশগ্রহণে বিশ্বাস করে। তাই শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনসহ সকল ক্ষেত্রে নারীদের আরও সম্পৃক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের আওতায় সফল কৃষক, নারী উদ্যোক্তা এবং পরিবেশবান্ধব কৃষি চর্চাকারীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, সার ও নগদ অর্থের চেক বিতরণ করেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার একশত দুগ্ধ খামারির মাঝে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বনজ বৃক্ষের চারা ও দীঘা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় কয়েকটি বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের কৃষি বিষয়ে নতুন জ্ঞান অর্জন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হওয়া এবং কৃষিকে লাভজনক উদ্যোক্তা কার্যক্রমে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

কংগ্রেসটি কৃষকদের সক্রিয় অংশগ্রহণ, মতবিনিময় এবং কৃষি উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।