খিরাতলা গ্রামে মাদকবিরোধী আন্দোলনের ডাক, সমাজ রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ এলাকাবাসী”

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
১২ জুন, ২০২৬ ১১:০৪ পিএম
শেয়ার করুন:
খিরাতলা গ্রামে মাদকবিরোধী আন্দোলনের ডাক, সমাজ রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ এলাকাবাসী”

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এ সভায় গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় মাদক সেবন, মাদক ব্যবসা এবং মাদক ও জুয়ার সাথে সংশ্লিষ্ট সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিজয়নগর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল হক শিপনের উদ্যোগ ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য হাজী কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মো. শরিফুল ইসলাম শাহজাহান মোল্লা, খিরাতলার কৃতি সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ শাহ আলম মিয়া, মোহাম্মদ জাহের মিয়া, মোহাম্মদ শাহ আলম মোল্লা, এলাকার বিশিষ্ট সালিশকারক মোহাম্মদ কামাল মিয়া এবং সমাজসেবক মো. হুমায়ুন কবির।

এছাড়াও বক্তব্য দেন বিজয়নগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সজীব, যুবদল নেতা মো. আবু সালাম, মোহাম্মদ নুর আলম (শুনো মিয়া)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংসকারী ব্যাধি। যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই ভয়াবহ অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদক কারবারে সহযোগিতাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজকের পর থেকে খিরাতলা গ্রামে কোনো ধরনের মাদক কার্যক্রম বরদাশত করা হবে না।

বক্তারা আরও বলেন, প্রথমবারের মতো সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এরপরও কেউ মাদক ব্যবসা, সেবন কিংবা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করলে তার বিরুদ্ধে সামাজিক ও আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। প্রয়োজনে গ্রামব্যাপী সচেতনতামূলক অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে যা যা প্রয়োজন, গ্রামের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হবে।

আলোচনা সভায় বক্তারা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে—সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মাদক থেকে দূরে থাকার বিকল্প নেই।

এ সময় বক্তারা আরও উল্লেখ করেন যে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দীর্ঘদিন ধরে বিজয়নগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সচেতন নাগরিকদের পাশাপাশি খিরাতলা গ্রামের জনগণও একযোগে কাজ করবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।