লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার, দৃশ্যমান পরিবর্তন
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে বাংলাদেশ আজ গভীর সংকট কাটিয়ে জনআকাঙ্ক্ষা পূরণের পথে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে। বর্তমান সরকারের প্রথম ১০০ দিনেই জনগণের লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত করার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন।
মানবিক নেতৃত্ব ও ভিআইপি সংস্কৃতির অবসান
মুখপাত্র মাহ্দী আমিন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করেছেন। তিনি প্রচলিত ‘ভিআইপি সংস্কৃতি’ ভেঙে জনসম্পৃক্ততাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আগে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মাসের পর মাস অপেক্ষা করত, আর এখন প্রধানমন্ত্রী নিজেই জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া কিংবা পথশিশুদের আবদার মেটানো—তার মানবিক ও জনমুখী রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অর্থনীতি পুনরুদ্ধার ও পাচার হওয়া সম্পদ প্রতাবর্তন
দেশের অর্থনীতিকে পুনর্গঠন এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মুখপাত্র জানান, ইতোমধ্যে বিতর্কিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।
কৃষি ও সামাজিক নিরাপত্তায় বৈপ্লবিক পদক্ষেপ
সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মাহ্দী আমিন জানান, দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া গৃহিণীদের সুবিধার্থে ভর্তুকি মূল্যে ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে প্রাণসঞ্চার করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে দেশব্যাপী ‘অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ এবং ২ লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদানের কাজও এগিয়ে চলছে।
আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ঢাকা
দেশের ইতিহাসে প্রথমবার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাকে দূষণমুক্ত করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ প্রকল্পের আওতায় ২৫০টি ইলেকট্রিক বাস চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘থার্ড টার্মিনাল’ উদ্বোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান ও আইনের শাসন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, বিপ্লবীদের আইনি সুরক্ষায় জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে। গুরুতর আহত ১০০ যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার রায়কে বিচারব্যবস্থার এক মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।
সংসদীয় গণতন্ত্রের নতুন ধারা
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড ৯৪টি বিল পাসের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লোর ক্রসিং না করে সাধারণ আসনের তৃতীয় সারিতে বসে সংসদীয় রীতিনীতির প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল।
সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রীর একটি বিশেষ উক্তি উদ্ধৃতি করে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন—“করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।” দল-মত নির্বিশেষে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও মর্যাদশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমানসহ প্রেস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ