মাগুরায় উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী ‘হাজরাপুরী লিচু মেলা’ শুরু

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
May 17, 2026 - 10:04
May 17, 2026 - 10:04
মাগুরায় উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী ‘হাজরাপুরী লিচু মেলা’ শুরু

মাগুরার ঐতিহ্যবাহী ও জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ‘হাজরাপুরী লিচু’র প্রচার ও প্রসারে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে দুদিনব্যাপী লিচু মেলা। শনিবার (১৬ মে) বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি লিচু বাগানে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এবং জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা এবং স্থানীয় লিচু চাষী জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হাজরাপুরী লিচু স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় এটি সারাদেশে বিখ্যাত। ইতিমধ্যে এই লিচু জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মাগুরার লিচুর কদর বহুগুণ বেড়ে গেছে। এই গৌরব ধরে রাখতে লিচু মৌসুমে চাষীদের সব ধরনের সহযোগিতা প্রদান করা জরুরি। 

মেলায় অংশ নেওয়া লিচু চাষীরা তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরে বলেন, হাজরাপুরী লিচুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং পচন রোধে মাগুরায় একটি আধুনিক ‘কোল্ড স্টোরেজ’ বা হিমাগার স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি প্রতিটি লিচু চাষীকে কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত মানের স্প্রে মেশিন প্রদানের দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “হাজরাপুরী লিচু আজ আমাদের জাতীয় গর্ব। বাংলাদেশের অর্থনীতিতে এই লিচুর বিশেষ অবদান রয়েছে। চাষীদের দক্ষতা বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া লিচু সংরক্ষণ ও চাষীদের অন্যান্য সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলব।”

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় মোট ১৮টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গণ এখন লিচু চাষী, ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর। দুদিনব্যাপী এই আয়োজন আগামী কাল সমাপনীর মধ্য দিয়ে শেষ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow