বায়তুল মোকাররম এলাকায় ব্যবসায়ী-হকার সংঘর্ষ
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন জিপিও লিংক রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে বায়তুল মোকাররমের ‘স্বর্ণ গলি’ এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় জনদুর্ভোগ কমাতে এবং ফুটপাত দখলমুক্ত করতে একটি বিশেষ উচ্ছেদ অভিযান চালায়। তবে উচ্ছেদের পরদিনই হকাররা পুনরায় ফুটপাত দখল করে দোকান বসালে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
শনিবার সকালে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা পুনরায় ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে হকার ও ব্যবসায়ীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ পথচারীরা দিকবিদিক ছুটতে থাকেন।
খবর পেয়ে পল্টন মডেল থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সংবাদমাধ্যমকে জানান, উচ্ছেদ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বায়তুল মোকাররম ও এর পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও হকারদের মধ্যে বিরোধ চলে আসছে। সিটি করপোরেশনের অভিযানের পরও হকাররা পুনরায় ফিরে আসায় এই সংকটের স্থায়ী সমাধান মিলছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ