দীর্ঘ ছুটি শেষে চিরচেনা ছন্দে ফিরল গোবিপ্রবি ক্যাম্পাস

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
Apr 6, 2026 - 19:04
দীর্ঘ ছুটি শেষে চিরচেনা ছন্দে ফিরল গোবিপ্রবি ক্যাম্পাস

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে চিরচেনা প্রাণচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সবুজ ক্যাম্পাস। দীর্ঘ ৩৮ দিনের নিস্তব্ধতা ভেঙে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে প্রিয় প্রাঙ্গণ। 

সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় গত রাত থেকেই শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছেন। বন্ধ থাকা শ্রেণিকক্ষগুলো পুনরায় সচল হয়েছে, হলের তালাবদ্ধ কক্ষগুলোতে ফিরেছে প্রাণের স্পন্দন। ক্যাম্পাসের রূপালি রঙের পরিচিত বাসগুলো আবারও শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামতে শুরু করেছে। শহীদ হাদী চত্বর ও নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফেরার অনুভূতি জানিয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম হোসেন বলেন, "এক বুক মায়া আর বাড়ির কোলাহল পেছনে ফেলে যখন আবার ইটের দেয়ালে ঘেরা এই আঙিনায় পা রাখলাম, মনে হলো সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ছুটির নিস্তব্ধতা ভেঙে প্রিয় ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে ঢোকার পর মনে হলো এক পশলা বৃষ্টি যেন তৃপ্ত মরুর বুকে প্রাণ ফিরিয়ে দিল।" 

তিনি আরও যোগ করেন, "বাড়ির টান আর ক্যাম্পাসের মায়া—এই দুইয়ের মাঝে এক অদ্ভুত টানাপোড়েন কাজ করে। বন্ধু-বান্ধবদের চিরচেনা চিৎকার, আড্ডার টেবিলে চায়ের কাপের টুংটাং শব্দ আর লাইব্রেরির সেই গভীর মৌনতা—সবকিছুই যেন আজ নতুন সুরে কথা বলছে। শূন্যতা বিদায় নিয়েছে, ক্যাম্পাসের প্রতিটি ঘাসফুলের ডগায় এখন নতুন চঞ্চলতা।" 

একই অনুভূতি প্রকাশ করে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী সৈয়দ ফারজানা ইয়াসমিন বর্ষা বলেন, "পরিবার ছেড়ে ক্যাম্পাসে আসা কিছুটা কষ্টের হলেও, এখানে আমাদের আরও একটি পরিবার রয়েছে। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। এখন আবার পড়াশোনা, ল্যাব আর পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় শুরু হবে।" 

উল্লেখ্য, পবিত্র রমজান, জুমুআতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৩৮ দিনের ছুটি ঘোষণা করেছিল। ছুটি শেষে ৬ এপ্রিল থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow