এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই চলছে নানা সমালোচনা। সাউন্ড, কালার, ভিএফএক্স থেকে শুরু করে গল্পের অসামঞ্জস্যতা—সব মিলিয়ে দর্শকদের হতাশার মুখে পড়েছে ছবিটি। কারিগরি ত্রুটির কারণে প্রথম চার দিন স্টার সিনেপ্লেক্সে এবং ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি চালানো সম্ভব হয়নি; এমনকি এর জেরে হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শেষমেশ এসব অভিযোগ ও ত্রুটির দায় মাথায় নিয়ে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
গত মঙ্গলবার রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অন্যান্য কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে নিজের সিনেমার দুর্বলতা অকপটে স্বীকার করে নেন এই তারকা।
শাকিব খান বলেন, "আমি মানছি, 'প্রিন্স' টিম দর্শকদের একটি পরিপূর্ণ সিনেমা উপহার দিতে পারেনি। তবে বিশ্বাস করুন, আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না। মূলত অনুমতি সংক্রান্ত জটিলতায় আমাদের তিন মাস সময় নষ্ট হয়, যা পুরো শিডিউল এলোমেলো করে দেয়। তারপরও সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আমি আমার টিমের পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করছি।"
সময়ের তীব্র অভাবেই সিনেমাটির এমন দশা হয়েছে বলে জানান শাকিব। তিনি বলেন, "এটি আমার জীবনের প্রথম কোনো সিনেমা, যার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করতে হয়েছে। তাসনিয়া ফারিণের সঙ্গে একটি গানের শুটিং হয়েছে ঈদের মাত্র একদিন আগে। জ্যোতির্ময়ীর সঙ্গে গানের শুটিং শেষ করতে হয়েছে মাত্র এক শিফটে। সময় না থাকায় আরেক নায়িকার তো শুটিংই করা সম্ভব হয়নি! কারণ রিলিজ তো করতেই হবে।"
সিনেমা মুক্তির সময় মালয়েশিয়ায় 'রকস্টার' ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব। সেখান থেকেই খবরাখবর রাখছিলেন। এত নেতিবাচক রিভিউর পরও দর্শকরা যেভাবে হলে এসেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ভুল এড়াতে কাজের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা বা 'প্ল্যান বি' রাখার কথাও জানান এই অভিনেতা।
তবে এই সমালোচনা নিয়ে ভেঙে পড়তে নারাজ শাকিব। ইতিবাচক মানসিকতা নিয়ে তিনি বলেন, "ছোটখাটো ভুল মানুষের জীবনে আসেই, যা মানুষকে ভুল শুধরে আরও ভালো কিছু করতে শেখায়। আমি এটুকু বলতে পারি, প্রিন্স-এর পর থেকে নতুন আরেক অধ্যায় শুরু হতে যাচ্ছে।"
এদিকে, সিনেমাটি নিয়ে আক্ষেপ শোনা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের কণ্ঠেও। গুঞ্জন ছিল, চিত্রনাট্য অনুযায়ী নিজের সব দৃশ্যের শুটিং না হওয়ায় অভিমান করে সিনেমার প্রচারণায় অংশ নেননি তিনি। তবে মান-অভিমান ভুলে বিশেষ প্রদর্শনীতে হাজির হন এই অভিনেত্রী। আক্ষেপ নিয়ে ফারিণ বলেন, "সিনেমাটি নিয়ে আমার অনেক বড় প্রত্যাশা ছিল, যা হয়তো পূরণ হয়নি। তবে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি। ভবিষ্যতে ভালো সুযোগ পেলে আরও চমৎকার কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।