নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের চালকসহ গ্রেপ্তার ৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৩১ মার্চ, ২০২৫ ৬:০০ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের চালকসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের গাড়িচালকসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) এবং বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)। এদের মধ্যে নাসির উদ্দিন এসিল্যান্ডের গাড়ি চালানোর দায়িত্বে ছিলেন।

ভুক্তভোগী নারীর স্বামী পিকআপ চালক। তারা একটি ভাড়া বাসায় বসবাস করেন। ঈদ উপলক্ষে একমাত্র কন্যাকে বাবার বাড়িতে রেখে আসেন ওই নারী। ঘটনার রাতে স্বামী পিকআপ চালাতে বাইরে গেলে তিনি বাসায় একা ছিলেন।

ভুক্তভোগী জানান, "রোববার রাত সাড়ে ৭টার দিকে আমার স্বামী বাসা থেকে বের হন। রাত ৯টার দিকে খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীন নামের এক যুবক এসে আমার স্বামীকে ডাকাডাকি করে। তিনি আমার স্বামীর পূর্বপরিচিত হওয়ায় আমি দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গে ৬-৭ জন যুবক ঘরে ঢুকে মুখ চেপে ধরে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে চারজনকে আটক করে, তবে অন্যরা পালিয়ে যায়।"

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত চারজনকে সোমবার নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।