আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে ফের সড়কে দলিল লেখকরা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
৭ আগস্ট, ২০২৫ ৫:৩৯ পিএম
শেয়ার করুন:
আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে ফের সড়কে দলিল লেখকরা

নানা দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে আশুলিয়ার সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণ দাবিতে আবারও সড়কে নেমেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা ও সাধারণ জনতা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে মাথায় সাদা কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশারের বিরুদ্ধে আগেও একাধিকবার দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন ও কলম বিরতির মতো কর্মসূচি পালন করা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে দলিল লেখকরা কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং অভিযুক্ত সাব-রেজিস্ট্রার বহাল তবিয়তে রয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিক্ষোভে নেতৃত্ব দেন দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক মো: আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো: ইমাম হোসেন, আহ্বায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন, কার্যকরী সদস্য মো: দিলবর হোসেন ও মোল্লা মো: হযরত আলী প্রমুখ।

বিক্ষোভকারীরা দাবি করেন, দুর্নীতির সঙ্গে জড়িত একজন কর্মকর্তা অফিসে থাকলে ন্যায়বিচার আশা করা যায় না। দ্রুত তার অপসারণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কথায় পদত্যাগ করব না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।