মাদ্রাসার মাঠে ঘুমন্ত সাবেক ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১০:৩০ এএম
শেয়ার করুন:
মাদ্রাসার মাঠে ঘুমন্ত সাবেক ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় একটি মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. আকাশ উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তার আকাশ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর এলাকার আমজাদ হাজী বাড়ির আমির হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন একটি সিএনজি পাম্পের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১ (নোয়াখালী) ও এসআরবি-১০ (লালবাগ)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত কামাল উদ্দিনের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলার চররমিজ ইউনিয়নের গুচ্ছগ্রাম দক্ষিণ দিঘি এলাকায়। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। প্রায় চার-পাঁচ বছর আগে তার সাবেক স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর শ্বশুরবাড়িতে আশ্রয়ের সুযোগ না থাকায় তিনি সদর উপজেলার পূর্ব দুর্গানগরের মোহাম্মদীয়া নুরানী মাদ্রাসায় রাত কাটাতেন। 

গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ে পাকা মাঠে ইটের ওপর গামছা বিছিয়ে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন কামাল উদ্দিন। গভীর রাতে এলাকার মানুষের চলাচল কমে এলে এবং মাদ্রাসার শিক্ষকরা ঘুমিয়ে পড়লে পারিবারিক বিরোধের জেরে আকাশ উদ্দিনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা প্রথমে লাঠি দিয়ে কামালকে বেদম মারধর করে। একপর্যায়ে আকাশ ধারালো ভাঁজ করা ছুরি দিয়ে কামালের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল হক (৪৮) বাদী হয়ে ১২ অক্টোবর সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আকাশ উদ্দিনকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।