ভাঙ্গায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ২:২৬ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ মজুমদার (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুন্নি মন্ডল (২০) আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকেশ মজুমদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের প্রণব মজুমদারের ছেলে। আহত মুন্নি মন্ডল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রাকেশ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকেশ মজুমদারকে মৃত ঘোষণা করেন। আহত মুন্নি মন্ডলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ রেকার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।