ভাণ্ডারিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৪ পিএম
শেয়ার করুন:
ভাণ্ডারিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ উপলক্ষে এক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং বিশিষ্ট সমাজসেবক জুলফিকার হায়দার। এ ছাড়া সভায় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়ন, অধিকার, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই কার্যক্রমের সফল বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত সুবিধাভোগীদের নির্ভুল তালিকা প্রণয়ন অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং প্রকৃত হকদারদের শনাক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।