মঠবাড়িয়ায় যুবদল নেতা অভির বিরুদ্ধে দুর্নীতির মামলা, ‘ষড়যন্ত্রমূলক’ দাবি অভিযুক্তের

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৭ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় যুবদল নেতা অভির বিরুদ্ধে দুর্নীতির মামলা, ‘ষড়যন্ত্রমূলক’ দাবি অভিযুক্তের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাসিন্দা মো. কাজী জাহিদুল ইসলাম অভির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আইনে মামলা হয়েছে। তবে মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে অভি অভিযোগ করেছেন, এলাকায় সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণেই ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন জাহিদুল ইসলাম অভি। তিনি নিজেকে তেজগাঁও থানা যুবদলের নেতা ও ‘অভি মোটরস’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাপলেজা ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে পিরোজপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি ফৌজদারি নালিশি মামলা করেন (মামলা নং- ০২/২০২৬)। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে কাজী জাহিদুল ইসলাম অভি (৩০) ছাড়াও জাকির হোসেন মৃধা (৫৬), আলামিন (৪৫) ও মাসুম আকনকে (৫৫) আসামি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অভি দাবি করেন, ‘কাজী একতা’ নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এলাকার দুস্থ ও অসহায় মানুষের সেবায় কাজ করে আসছেন। এসব কাজের মাধ্যমে এলাকায় তাঁর ইতিবাচক পরিচিতি তৈরি হওয়ায় বাদী নাসির উদ্দিন আহমেদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই তাঁকে সমাজে হেয় করতে এই উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে অভি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুরো বিষয়টি নিয়ে জনগণের কাছে বিচার চান। একই সঙ্গে ভবিষ্যতেও দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মামলার বিষয়ে বাদী নাসির উদ্দিন আহমেদ বলেন, “আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে। সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং আমি ন্যায়বিচার পাব বলে আশা করি।”

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম অভি স্থানীয় যুবদলের কোনো দায়িত্বে নেই। তবে ঢাকায় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা তাঁর জানা নেই। তিনি আরও উল্লেখ করেন, অভি ‘কাজী একতা’ সংগঠনের ব্যানারে এলাকার লোকজনকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে থাকেন।

অন্যদিকে, সাপলেজা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বলেন, “অভি আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ব্যবসার পাশাপাশি ঢাকায় যুবদলের রাজনীতি করছেন বলে জানি। এলাকায় ‘কাজী একতা’ সংগঠনের মাধ্যমে তিনি অসহায় মানুষকে সহায়তা করেন। মূলত এ নিয়ে স্থানীয় কিছু মানুষের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয় এবং সেই বিরোধের জেরেই তাঁর বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে বলে মনে করছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।