এবার ককরোচদের বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক কেজরিওয়াল

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ৫:১৩ পিএম
শেয়ার করুন:
এবার ককরোচদের বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক কেজরিওয়াল

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

শনিবার আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ ও দুর্গেশ পাঠকসহ আম আদমি পার্টির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’র সূত্রের বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা কনট প্লেস এলাকা হয়ে ঐতিহাসিক যন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের পথরোধ করে। এ সময় কেজরিওয়াল ছাড়াও প্রায় দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যন্তর মন্তরে কোনো ধরনের বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশ করার অনুমতি ছিল না। 

এদিকে পুলিশের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারী নেতারা। আটক হওয়ার আগে এক প্রতিক্রিয়ায় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের এমনভাবে আটক করা হচ্ছে, যেন আমরা অপরাধী।" বর্তমান পরিস্থিতিকে ‘একনায়কতন্ত্র’ বলে আখ্যা দিয়ে তাঁরা মন্তব্য করেন, এমনকি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলেও গণতান্ত্রিক অধিকার খর্বের এমন নজির দেখা যায়নি।

একই কর্মসূচিকে কেন্দ্র করে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএমের সংসদ সদস্য জন ব্রিটাসকেও আটক করেছে পুলিশ। এ ছাড়া মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীসহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য নেতাদেরও পুলিশ হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানী দিল্লির চলমান এই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।