আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্ট সরাতে অভিযানে দিল্লি পুলিশ

অনলাইন ডেস্কঃ
২৭ জুলাই, ২০২৬ ৫:০০ পিএম
শেয়ার করুন:
আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্ট সরাতে অভিযানে দিল্লি পুলিশ

ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁসকেন্দ্রিক শিক্ষার্থীদের টানা ৩৭ দিনের আন্দোলন শেষ হতে না হতেই কঠোর অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে ‘অবমাননাকর’ মন্তব্য ও পোস্ট করার অভিযোগে ব্যাপক সাইবার অভিযানে নেমেছে সংস্থাটি। 

সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন পরিচালনাকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে প্রচারিত বেশ কিছু ভিডিও, পোস্ট ও মন্তব্য মুছে ফেলার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে তার একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের কর্মসূচি স্থগিতের মাত্র একদিন পরই পুলিশের এই সাইবার পদক্ষেপ সামনে এলো। 

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ছাত্র আন্দোলন শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে ইতি টানে। মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি মেনে নিতে সরকার সম্মত হলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির প্রধান অভিজিৎ দীপকে নতুন কিছু দাবি উত্থাপন করেন। যার মধ্যে ছিল— প্রশ্নফাঁসের জেরে আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা। 

পরবর্তীতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে দাবি বাস্তবায়নের সমঝোতা হওয়ায় তারা সদ্বিশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া সংগঠনটির প্রতিনিধি রাঙ্কা জানান, কেন্দ্র থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো মামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

তবে সরকারের সঙ্গে এমন সমঝোতা সত্ত্বেও মোদিবিরোধী পোস্ট সরাতে পুলিশের এই তৎপরতা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। অবশ্য চলমান সাইবার অভিযান নিয়ে সিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আন্দোলনের পটভূমি:
চলতি বছরের মে মাসের শুরুতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি শুরু করে সিজেপি। পরবর্তীতে ২৮ জুন প্রখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিলে তা এক নতুন মাত্রা পায় এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।