নোবিপ্রবির ৩য় সমাবর্তনে অতিরিক্ত ফি নির্ধারণ, শিক্ষার্থীদের ক্ষোভ

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ১০:৩১ এএম
শেয়ার করুন:
নোবিপ্রবির ৩য় সমাবর্তনে অতিরিক্ত ফি নির্ধারণ, শিক্ষার্থীদের ক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিগত দুটি সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এবার প্রায় দ্বিগুণ ফি নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফি ও নিবন্ধনের সময়সীমা ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক/স্নাতকোত্তর/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (আইআইটি ও আইআইএস)/প্রফেশনাল মাস্টার্স (আইআইএস) ডিগ্রির জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স (উভয় ডিগ্রি একসাথে) গ্রহণের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।

শিক্ষার্থীরা জানান, প্রথম সমাবর্তনের তুলনায় এবার প্রায় প্রতিটি ক্যাটাগরিতে ফি বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রথম সমাবর্তনে স্নাতকে ২ হাজার ৫০০ টাকা এবং উভয় ডিগ্রির জন্য ৩ হাজার টাকা নেওয়া হয়েছিল। দ্বিতীয় সমাবর্তনে তা ছিল যথাক্রমে ৩ হাজার ৫০০ ও ৪ হাজার ৫০০ টাকা। 

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় নোবিপ্রবির এই ফি অনেকটাই বেশি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ব্যাংক চার্জ ও মূল সনদ ফিসহ সর্বমোট ৩ হাজার ৩২০ টাকা নেওয়া হয়েছিল। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে একক ডিগ্রির জন্য ২ হাজার ৫০০ ও উভয় ডিগ্রির জন্য ৪ হাজার টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে একক ডিগ্রিতে ৩ হাজার টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে স্নাতকে ১ হাজার ৫০০ ও স্নাতকোত্তরে ২ হাজার টাকা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে একক ডিগ্রির জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী দ্বিতীয় সমাবর্তনের ফি ধার্য করা হয়েছে ৪ হাজার টাকা।

এমন বাস্তবতায় সদ্য গ্র্যাজুয়েট হওয়া অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কাছে সমাবর্তনের এই ফি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহেদুল হক বলেন, *"আমার মাত্র ডিফেন্স শেষ হয়েছে, এখনো ফলাফল প্রকাশ হয়নি। সমাবর্তনের আগেই হয়তো ফলাফল পাব। সদ্য গ্র্যাজুয়েট হয়ে সমাবর্তন পাওয়া দারুণ এক অনুভূতি। কিন্তু যে ফি নির্ধারণ করা হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। পড়াশোনা শেষ করার পর পরিবারের প্রত্যাশা থাকে দ্রুত চাকরির, সেখানে পরিবার থেকে আরও ৫ হাজার টাকা এনে সমাবর্তনে অংশ নেওয়া অনেক বড় বোঝা। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে কম খরচে সমাবর্তন করছে, আমাদের প্রশাসন কেন তা পারবে না? আশা করি কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবে।"*

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাজিদ ইবনে জামাল ফয়সাল বলেন, *"সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনের অত্যন্ত আবেগঘন ও বহু প্রতীক্ষিত একটি মুহূর্ত। কিন্তু ৫ হাজার টাকা ফি নির্ধারণ করায় অনেকের পক্ষেই এতে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। কর্মজীবনে প্রবেশের এই সন্ধিক্ষণে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা সবার পক্ষে সম্ভব নয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে সমাবর্তনের আনন্দ যেন ফিকে হয়ে না যায়, সেজন্য প্রশাসনের কাছে দ্রুত ফি কমানোর দাবি জানাচ্ছি।"*

ফি বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, *"সাত বছর আগের দ্বিতীয় সমাবর্তনে ফি ছিল সাড়ে তিন হাজার টাকা। বর্তমানে দ্রব্যমূল্য ও সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন ফি নির্ধারণ করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে দূরবর্তী হওয়ায় ইভেন্ট ম্যানেজমেন্টসহ সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম অতিরিক্ত পরিবহন খরচ দিয়ে নিয়ে আসতে হবে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হবে।"*

উপাচার্য আরও যোগ করেন, *"সমাবর্তন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আর্থিক লাভ হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি নেওয়া হচ্ছে, প্রকৃত ব্যয় হবে তার চেয়েও অনেক বেশি। এই অতিরিক্ত ব্যয় মেটানো বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা সুন্দরভাবে সমাবর্তনটি আয়োজনের চেষ্টা করছি।"*

উল্লেখ্য, আগামী বছরের ২৪ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।