বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে বিমানের এমডির অলিখিত নিষেধাজ্ঞা, ক্ষোভ

অনলাইন ডেস্কঃ
৬ অক্টোবর, ২০২৬ ২:৫৬ পিএম
শেয়ার করুন:
বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে বিমানের এমডির অলিখিত নিষেধাজ্ঞা, ক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা ভবনে’ সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে রহস্যজনকভাবে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে আগামী দুই দিন সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বলাকা ভবনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা। প্রধান ফটকেই তাদের আটকে দেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।

সাংবাদিকদের প্রবেশে বাধার কারণ জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা) মহিউদ্দিন আহমেদ জানান, এটি এমডির সরাসরি নির্দেশনা। তিনি বলেন, “এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন যেন কোনো সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয়।” এ সময় তিনি সংবাদকর্মীদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

তবে ঠিক কী কারণে হঠাৎ সাংবাদিকদের প্রবেশে এই বিধিনিষেধ আরোপ করা হলো, সে বিষয়ে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহে এমন আকস্মিক ও অলিখিত বাধা দেওয়ার ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সংবাদকর্মীরা এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘অযৌক্তিক, অনৈতিক এবং মুক্ত সাংবাদিকতার পরিপন্থী’ বলে অভিহিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।