আত্রাইয়ে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: রোপণ করা হলো ৪৭৫টি চারা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৬ অক্টোবর, ২০২৬ ৬:১১ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: রোপণ করা হলো ৪৭৫টি চারা

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সুদরানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশ, রাস্তার পাশের খাসজমি, স্থানীয় ক্লাব ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করা হয়। 

রোপণকৃত চারার মধ্যে রয়েছে— ২০০টি মেহগনি, ৫০টি পেয়ারা, ৫০টি অর্জুন, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ২০টি নিম, ২০টি আমলকী এবং তেঁতুল, চালতা, কৃষ্ণচূড়া, বকুল, জারুল, শিমুল ও শিশু গাছের ৫টি করে চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল অক্সিজেন সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায়ও অপরিসীম ভূমিকা পালন করে।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, “দেশজুড়ে সবুজায়ন সৃষ্টি ও পরিবেশ সুরক্ষার তাগিদেই আনসার-ভিডিপির এই উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়তে এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।