দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক

অনলাইন ডেস্কঃ
৬ অক্টোবর, ২০২৬ ২:৪২ পিএম
শেয়ার করুন:
দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক

ভারতের নয়াদিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA) ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিলে বাধা দিয়েছে দিল্লি পুলিশ। এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যকে আটক করা হয়। 

মঙ্গলবার সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। তবে মিছিলটি পার্লামেন্ট স্ট্রিটের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। পুলিশের বাধার মুখে বিরোধীরা নীতি আয়োগের নিকটবর্তী রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের একপর্যায়ে রাহুল গান্ধী পুলিশের লোহার ব্যারিকেড টপকে হাতে জাতীয় পতাকা তুলে নেন। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী সাংসদদের আটক করে। তবে আটকের কিছুক্ষণ পরই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনসহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে পুলিশের বাসে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগ  
বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অভিযোগ, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম চলছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা দাবি করেছে, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন বিরোধীদের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

অনুমতি না থাকার দাবি পুলিশের  
দিল্লি পুলিশের দাবি, সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত এই মিছিল আয়োজনের জন্য আয়োজকরা আগে থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি নেননি। ফলে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেওয়া হয় এবং কয়েকজনকে সাময়িকভাবে আটক করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।