ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪৪ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৯৩

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪৪ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৯৩

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৩ জনে। আর এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার এই দুটি হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ৯৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৬ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭ জন ভর্তি আছেন।

এদিকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত দুটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোট ৫ হাজার ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত সর্বোচ্চ আলফাডাঙ্গায় ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দা উপজেলায় ২ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসার জন্য হাসপাতালে আসা সন্দেহভাজন রোগীদের মধ্যে ফরিদপুর জেলার ৩৪ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ১০ জন বাসিন্দা রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।