ফরিদপুরের প্রখ্যাত সংগীতগুরু লিয়াকত হোসেন আর নেই; সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের প্রখ্যাত সংগীতগুরু লিয়াকত হোসেন আর নেই; সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

ফরিদপুরের বিশিষ্ট ও শ্রদ্ধাভাজন সংগীতগুরু লিয়াকত হোসেন আর নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য শিষ্য-গুণগ্রাহী রেখে গেছেন।

লিয়াকত হোসেন ফরিদপুরের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল ও অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। সংগীতের প্রসার ও সাধনায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি দীর্ঘদিন ফরিদপুর লালন পরিষদের আজীবন সদস্য এবং সংগঠনটির সংগীত বিভাগের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘র.ণ.স.জ.ল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। নিভৃতচারী এই সংগীতসাধক বহু গুণী শিল্পী তৈরি করেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বাদ জোহর শহরের ওয়্যারলেস পাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় আলিপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। 

সংগীতগুরু লিয়াকত হোসেনের প্রয়াণে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।