কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ এএম
শেয়ার করুন:
কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ (প্রোবক্স) আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও বেশ কয়েকটি গামছা উদ্ধার করা হয়। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার কোতোয়ালি থানার রাজগঞ্জ এলাকার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকার নুর নবী (৩৯) ও নুর মোহাম্মদ (৩২) এবং গাড়িচালক সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার আজিজুল মোস্তফা (৩৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে চরকলমী বাজার চৌরাস্তা এলাকায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল রাত্রিকালীন টহলে ছিল। এ সময় এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে টহল দলের সন্দেহ হলে তারা একটি সিলভার রঙের প্রোবক্স প্রাইভেটকারে তল্লাশি চালান। গাড়িটিতে চালকসহ ছয়জন ছিলেন। তল্লাশিকালে তাদের কাছ থেকে তালা কাটার বিশেষ যন্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি গামছা পাওয়া গেলে তাদের আটক করা হয়। একই সঙ্গে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে। সোমবার বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।