নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরের নাজিরপুরে নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে অহিদুল মোল্লা (৪০) নামের এক বাবাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অহিদুল মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। পেশায় অটোরিকশাচালক অহিদুল বর্তমানে বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিলেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. হাসান মিয়া জানান, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী ওই আশ্রয়ণ প্রকল্পেই বিষপানে আত্মহত্যা করেন। প্রথম স্ত্রীর ঘরে জমজ দুই ছেলে ও ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর অহিদুল দ্বিতীয় বিয়ে করলেও তার দ্বিতীয় স্ত্রী বর্তমানে প্রবাসে রয়েছেন। ফলে আশ্রয়ণ প্রকল্পের ঘরে তিন সন্তানকে নিয়েই অহিদুল বসবাস করছিলেন।

ভুক্তভোগী কিশোরীর বরাতে স্থানীয়রা জানান, গত প্রায় ৬ মাস ধরে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন অহিদুল। প্রায় দুই মাস আগে মেয়েটি তার দাদিকে বিষয়টি জানালেও তিনি কাউকে কিছু না বলে ঘটনাটি গোপন রাখার পরামর্শ দেন। একই সঙ্গে বাবাও তাকে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন। বাবার অব্যাহত নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার সকালে কিশোরীটি আশ্রয়ণ প্রকল্পের লোকজনকে সব খুলে বলে। দুপুরে অহিদুল বাড়ি ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটকে রেখে মারধর করলে একপর্যায়ে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ পাহারায় ভর্তি রাখা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।