এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলার রায়ে মো. সাইফুল ইসলাম ওরফে রুবেল নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় নূর উদ্দিন ওরফে মো. শমীর নামের আরেকজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী বিশেষ জজ আদালতের জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে রুবেল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ আলমের ছেলে। পাঁচ বছরের সাজাপ্রাপ্ত নূর উদ্দিন ওরফে শমীর একই এলাকার নূর নবীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওরফে রুবেলকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নূর উদ্দিন ওরফে শমীরকে দণ্ডবিধির ৩০৭ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
অন্যদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামি সিরাজ আলম ওরফে সিরাজুল ইসলাম, কাজুলী বেগম, রোকসানা বেগম ও আফরোজা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ৬ আগস্ট দুপুরে চরকাঁকড়া ইউনিয়নের সলিম উল্লাহর বসতবাড়ির সামনে সীমানার একটি কড়ই গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক চলাকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাদীর ছেলে সাইদুল ইসলাম শাহীনের ওপর হামলা চালান। একপর্যায়ে শাহীনের গলায় লোহার রড ঢুকিয়ে এবং এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, রায় শেষে সাজাপ্রাপ্ত দুই আসামিকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। খালাসপ্রাপ্ত আসামি ও তাঁদের জামিনদারদের জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।