নগরকান্দায় পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা ও মারধর, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার করল পুলিশ

শফিকুল ইসলাম জনি, ফরিদপুর প্রতিনিধিঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪ এএম
শেয়ার করুন:
নগরকান্দায় পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা ও মারধর, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার করল পুলিশ

ফরিদপুরের নগরকান্দায় পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে শাহিন হোসাইন ও তার বৃদ্ধা মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দাদপুর গ্রামের বাসিন্দা শাহিন হোসাইনের পরিবারের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ এবং মামলা চলছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে বলা হয়, শুক্রবার সকালে শাহিন হোসাইন ও তার স্ত্রী রিনা আক্তারসহ পরিবারের সদস্যরা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের সালাম শেখ, বাবর আলী শেখ, সিদ্দিক শেখ, আবুল শেখ, ফাহিম ও ফয়সালসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আকস্মিকভাবে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাহিন হোসাইন ও তার বৃদ্ধা মাসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে প্রাণভয়ে পরিবারের কয়েকজন সদস্য আত্মরক্ষার্থে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

ঘটনার পরপরই ভুক্তভোগীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে। পরে তাদের দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. রিনা আক্তার বাদী হয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বলেন, “জরুরি সেবা ৯৯৯ থেকে বার্তা পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় এবং তারা এলাকায় না থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।