চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ১৮

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম
শেয়ার করুন:
চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ নারী ও ৬ পুরুষসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পেয়ার আহমেদ। এর আগে, শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের ‘রাজ আবাসিক হোটেল’ ও ‘রিলাক্স আবাসিক হোটেল’-এ পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে রিলাক্স আবাসিক হোটেলে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে ইমাম হোসেন (৫০) নামের এক ব্যক্তি এবং ৫ নারীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির আরেকটি দল ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও রাকিব হোসেন (১৯) নামের পাঁচ পুরুষসহ ৭ নারীকে গ্রেপ্তার করা হয়। 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পেয়ার আহমেদ জানান, গ্রেপ্তারকৃত ১৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে এমন অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।