জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন:
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জনপ্রিয় ইসলামি প্রচারক ডা. জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সম্প্রচারমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম জানান, ব্যক্তিগত আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে এই কূটনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আমরা মনে করি, উভয় দেশের স্বার্থ রক্ষার জন্য বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা উচিত। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক সুদৃঢ় করতে আমরা বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকারের তালিকায় রেখেছি।”

আইনি কাঠামোর ওপর জোর দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “মালয়েশিয়াকে সবসময় আইনের শাসন নিশ্চিত করতে হবে। প্রত্যর্পণের দাবির বিষয়ে আমাদের ধারণা রয়েছে, তবে এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। একদিকে আইনের শাসন এবং অন্যদিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব—উভয়কেই সম্মান জানাতে হবে।”

প্রেক্ষাপট:  
ডা. জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা (পিআর) হিসেবে বসবাস করছেন। ভারতের তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ধর্মীয় উসকানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এরপর ২০১৭ সালে ভারত সরকার তাঁর পাসপোর্ট বাতিল করে এবং তাঁকে ‘পলাতক’ হিসেবে তালিকাভুক্ত করে।

পরবর্তীতে ভারত আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানালে মালয়েশিয়া স্পষ্ট করে জানায়, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হলে তারা প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা করবে। উল্লেখ্য, পর্যাপ্ত প্রমাণের অভাবে এর আগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।