ফরিদপুরে বিনামূল্যে চক্ষু শিবির: ৫২৫ জন পেলেন সেবা, ২৬০ জনের হবে ছানি অপারেশন

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৬ আগস্ট, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিনামূল্যে চক্ষু শিবির: ৫২৫ জন পেলেন সেবা, ২৬০ জনের হবে ছানি অপারেশন

ফরিদপুরের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কানাইপুর কলেজিয়েট হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ শিবিরে ৫২৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এর মধ্যে ২৬০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।

ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে এবং আনোয়ারা হামিদা আই হাসপাতালের সার্বিক চিকিৎসা ও কারিগরি সহযোগিতায় এই মানবিক শিবিরের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, শিবিরে আগত সাধারণ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া ছানি অপারেশনের জন্য নির্বাচিত ২৬০ জন রোগীর লেন্স প্রতিস্থাপনসহ অস্ত্রোপচারের যাবতীয় দায়িত্ব পালন করবে আনোয়ারা হামিদা আই হাসপাতাল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডা. মহসিন বেগের নেতৃত্বে একটি দক্ষ চিকিৎসক দল এ কার্যক্রমে সরাসরি সেবা দেন। ডা. বেগ দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টি ফেরাতে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

চক্ষু শিবির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফরিয়াজ ইউসুফ, আনোয়ারা হামিদা আই হাসপাতালের স্বত্বাধিকারী ডা. মহসিন বেগ, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) মো. ফারুক ইয়া আজম, সাধারণ সম্পাদক হায়দার আলী, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন, সমাজসেবক আবু সায়েম খান ও কামাল হোসাইন। 

এ ছাড়া ফোরামের সদস্যদের মধ্যে মো. দেলোয়ার হোসেন, নির্মল কুমার বিশ্বাস, প্রফেসর আলীমুজ্জামান, মজিবুর রহমান, শহীদ আল ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম ঝিলু, মো. হারুন অর রশিদ, ফয়েজ আহাম্মেদ সিদ্দিকী ও মো. আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। 

এ প্রসঙ্গে ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) মো. ফারুক ইয়া আজম বলেন, “২০০৭ সাল থেকেই আমাদের ফোরাম জেলার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজকের এই চক্ষু শিবির। এ মহতী উদ্যোগ সফল করতে স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা দিয়েছেন।”

ভবিষ্যতেও ফরিদপুরের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।