কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন কারিগরি সচিব

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২২ আগস্ট, ২০২৬ ৭:২৫ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন কারিগরি সচিব

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট' (বিএসপিআই)-এর শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় তিনি ইনস্টিটিউট প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক বিভাগ, ল্যাবরেটরি, সার্বিক অবকাঠামো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মো. দাউদ মিয়া, এনডিসি। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান;
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মাহামুদ হাসান;
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন; এবং
কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং বর্তমান যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান অতিথি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং দেশে কারিগরি শিক্ষার প্রসারে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।