এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাজিলিয়ান ফুটবলে আনুষ্ঠানিকভাবে একটি বর্ণাঢ্য ও ঐতিহাসিক অধ্যায়ের যবনিকা ঘটল। ২০২৬ বিশ্বকাপে হতাশাজনক অভিযানের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। একই সঙ্গে সম্প্রতি তার শৈশবের ক্লাব সান্তোসে আচরণ নিয়ে প্রকাশিত নেতিবাচক সংবাদগুলোকেও শক্ত হাতে প্রত্যাখ্যান করেছেন তিনি।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ে ফুটবল দলের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পরই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ গোলটি করেন নেইমার। ম্যাচের শেষ মুহূর্তে গোল করলেও আবেগ ধরে রাখতে পারেননি, মাঠেই অশ্রুসজল হয়ে পড়েন।
বিশ্বকাপ পরবর্তী সময়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে মুখ খুলে নেইমার বলেন, “দেশের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার ভার বছরের পর বছর কাঁধে বহন করার পরও জাতীয় দলের জন্য নিজের অবদান নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমি ইতিহাস গড়েছি, এই জার্সি গায়ে খেলতে পেরে আমি অসীম আনন্দ পেয়েছি। দেশের জন্য রক্ত ও জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু জাতীয় দলের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ।”
কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপে ব্রাজিলের এই ব্যর্থতার পর জাতীয় দলের অধ্যায় শেষ করলেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। সম্প্রতি ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সান্তোসের ড্রেসিংরুমে তার আচরণ নিয়ে আসা অভিযোগের জবাব দেন এই ফরোয়ার্ড।
সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়েছিল, তিনি ভিলা বেলমিরোর ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের সঙ্গে খারাপ আচরণ করছেন এবং দলে বিভেদ তৈরি করছেন। এসব খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে নেইমার বলেন, “দলের মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে কিছু অসৎ প্রতিবেদনে সম্পূর্ণ মনগড়া গল্প ছড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও বিরক্তিকর। শাপেকোয়েন্সের বিপক্ষে জয়ের ম্যাচ ড্র করার পর অধিনায়ক হিসেবে আমি শুধু বলেছিলাম—আমাদের মানসিকতা আরও শক্ত করতে হবে এবং এভাবে পয়েন্ট নষ্ট করা যাবে না। অধিনায়ক হিসেবে সতীর্থদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার পূর্ণ অধিকার আমার আছে।” এ বিষয়ে লুকাস ভেরিসিমো ও গাবিগোলও তার সঙ্গে একমত ছিলেন বলে জানান তিনি।
১৬ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন থেকে পুরোপুরি মনোযোগ দেবেন তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে নতুন অধ্যায় রচনায়।
জুলাই ১, ২০২৬
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।