নগরকান্দায় ডাংগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন: আলোচনায় তরুণ নেতা চঞ্চল মাহমুদ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২১ জুলাই, ২০২৬ ১২:৫০ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ডাংগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন: আলোচনায় তরুণ নেতা চঞ্চল মাহমুদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন বিএনপির আসন্ন কর্মী সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূলে নানা আলোচনা ও হিসাব-নিকাশ চলছে। আর এই আলোচনায় বিশেষ গুরুত্বের সাথে উঠে এসেছে স্থানীয় তরুণ রাজনীতিক চঞ্চল মাহমুদের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, চঞ্চল মাহমুদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তিনি ইতিপূর্বে ডাংগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। 

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চঞ্চল মাহমুদ। আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতির কারণে তৃণমূল কর্মীদের সাথে তার একটি নিবিড় যোগাযোগ তৈরি হয়েছে। এই সক্রিয়তার মূল্যায়ন হিসেবে আগামী ডাংগী ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে 'সাংগঠনিক সম্পাদক' পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সম্পৃক্ত থাকার কারণে চঞ্চল মাহমুদ কর্মী-সমর্থকদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। সম্মেলন যত ঘনিয়ে আসছে, ইউনিয়নজুড়ে তাকে নিয়ে নেতাকর্মীদের মাঝে আগ্রহ ও আলোচনা ততটাই বাড়ছে। নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব স্থান পাবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সাধারণ কর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।