ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৩ অক্টোবর, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ফরিদপুরের কানাইপুরে বালুবোঝাই ট্রাক, প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে ফরিদপুর-যশোর মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের সুমি আক্তার (৪০) ও শিশু শাওন (৮)। নিহত অপরজন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক; তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী বালুবোঝাই একটি ট্রাক তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার এবং কানাইপুর থেকে ফরিদপুরগামী একটি অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত অবস্থায় সুমি আক্তার ও শাওনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে উল্টে যাওয়া ট্রাকের বালুর স্তূপের নিচ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।