এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ছুটির সুযোগে রূপসী পাহাড়ি কন্যা বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পটগুলোতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে টানা প্রায় ১০ দিনের অবকাশ মেলায় প্রকৃতির সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখন ছুটে আসছেন রুমায়।
স্থানীয় পর্যটক গাইড অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে মোট ৫ হাজার ৫০২ জন পর্যটক রুমা ভ্রমণ করেছেন। এর মধ্যে ২০ অক্টোবর ২ হাজার ১১ জন, ২১ অক্টোবর ২ হাজার ১৩২ জন এবং ২২ অক্টোবর ১ হাজার ৩৬৯ জন পর্যটক রুমায় প্রবেশ করেন। এছাড়া আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত নতুন করে ৯১৩ জন পর্যটকের আগমন ঘটেছে। সংশ্লিষ্ট গাইড ব্যবস্থাপকের ধারণা, বিকেল ৫টা নাগাদ এই সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যাবে।
প্রকৃতির রূপসুধা উপভোগ করতে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন রুমার দৃষ্টিনন্দন বগালেক, দেশের অন্যতম শীর্ষ চূড়া কেওক্রাডং, সুনসং পাড়া, কমিউনিটি ট্যুরিজমের মুনলাই পাড়া এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝর্ণা রিজুকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু পথপ্রদর্শনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা রাখা হয়েছে।
কুমিল্লা থেকে আসা পর্যটক মামুন (৪১) নিজের অনুভূতি জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথমবার পায়ে হেঁটে দুর্গম পথ ও খাল পেরিয়ে বগালেকে এসেছিলাম। এবার সেই অভিজ্ঞতা একেবারেই ভিন্ন; মোটরবাইকে চেপে সহজেই বগালেক হয়ে সুনসং পাড়া পর্যন্ত ঘুরতে পেরেছি, যা সত্যিই দারুণ ও রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।”
ঢাকা থেকে আসা অপর পর্যটক মতিউর রহমান বলেন, “পাহাড়ি রাস্তা বেশ খাড়া ও আঁকাবাঁকা হলেও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত চমৎকার। বগালেক আর কেওক্রাডংয়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছুঁয়ে দেখার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ভ্রমণটি চিরস্মরণীয় হয়ে থাকবে।”
পর্যটকদের আগমন প্রসঙ্গে পর্যটক গাইড ব্যবস্থাপক রৌকুয়াল বম জানান, “গত তিন দিনেই বিভিন্ন এলাকা থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি পর্যটক রুমা এসেছেন। ছুটি আরও কয়েকদিন থাকায় পর্যটকদের এই ঢল অব্যাহত থাকবে এবং সংখ্যাটি আরও বাড়বে বলে আমরা আশা করছি।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।