‘তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদক থেকে দূরে থাকবে’: আলফাডাঙ্গায় মেয়র প্রার্থী হাসিব

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৩ অক্টোবর, ২০২৬ ২:০৩ পিএম
শেয়ার করুন:
‘তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদক থেকে দূরে থাকবে’: আলফাডাঙ্গায় মেয়র প্রার্থী হাসিব

তরুণ প্রজন্ম নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে মাদক ও সব ধরনের বিপথগামিতা থেকে দূরে থাকবে বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টুর্নামেন্টটির যৌথ আয়োজন করে নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ। 

প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হাসান হাসিব বলেন, “খেলাধুলা মানুষের মন প্রফুল্ল রাখে এবং সুস্থ বিনোদনের খোরাক জোগায়। তরুণ সমাজকে মাঠমুখী করা গেলে তারা কোনোভাবেই বিপথে যেতে পারে না।”

টুর্নামেন্টে স্থানীয় একটি পক্ষ বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে কয়েকজন আমার কাছে এসে মন খারাপ করেছেন। মাঠে যারা নিয়মিত খেলেন তাদের নিয়ে দল গঠনের নিজস্ব যুক্তি থাকতে পারে, তবে কাউকে বাদ দিয়ে আয়োজন করা দুঃখজনক।” 

তিনি আয়োজকদের উদ্দেশে আরও বলেন, “আমি তোমাদের ভাই বা চাচার মতো। সমাজে বা পরিবারে মতের অমিল থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। এমনকি আমাকেও সবাই পছন্দ করবে—এমন ভাবার কারণ নেই। তবে অনুরোধ থাকবে, ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে আরও বড় পরিসরে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এমন খেলাধুলার আয়োজন করবে।”

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, সমাজসেবক সেলিম রেজা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমির হোসেন ও গোলাম রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চারদলীয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে রেড ওয়ারিয়র্স, ব্ল্যাক প্যান্থার, ব্লু স্ট্রাইকার ও গ্রিন টাইটানস। উদ্বোধনী রাতে প্রথম ম্যাচে রেড ওয়ারিয়র্স বনাম ব্ল্যাক প্যান্থার এবং দ্বিতীয় ম্যাচে ব্লু স্ট্রাইকার বনাম গ্রিন টাইটানস প্রতিদ্বন্দ্বিতা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।