ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৪ জুন, ২০২৬ ৬:১৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামে গ্রাম্য বিরোধের জের ধরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) সকাল নয়টার দিকে কুমুরতিয়া গ্রামের প্রবাসী নুর আলম শেখের বাড়িতে কামাল শেখের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় বাড়ির সদস্যদের মারধর, স্বর্ণালংকার ছিনতাই, নগদ অর্থ লুট এবং ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য শাহা আলম জানান, দীর্ঘদিনের পারিবারিক ও গ্রাম্য বিরোধের জেরে হামলাকারীরা তার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তার ছেলে শান্ত শেখকে খুঁজতে থাকে। এ সময় বাড়ির সদস্য রোজিনা বেগম প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা রোজিনা বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। পাশাপাশি ঘরে ঢুকে টিনের বাক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয়। স্থানীয়দের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভুক্তভোগী পরিবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

ঘটনার সময়ের একটি আংশিক ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত কামাল শেখ বলেন, "আমি লোকজন নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম সত্য, তবে বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।"

গ্রামের একাধিক বাসিন্দা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। তবে লুটপাটের বিষয়টি তদন্তসাপেক্ষ।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, "ঘটনার বিষয়ে দুই পক্ষেরই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।"

এদিকে, স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।